পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারিতে একটি নির্মাণাধীন পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে হেমায়েতপুরের হরিনধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীর আর.এ.এন লেদার কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম, ট্যানারি শ্রমিক রাসেল আহমেদ বাপ্পী (২৮) ও অজ্ঞাত রাজমিস্ত্রি (৩২)। বাপ্পীর গ্রামের বাড়ি বগুড়া জেলার সান্তাহারের আদমদিঘী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ট্যানারি কর্তৃপক্ষ জানায়, দুপুরে ওই লেদার কারখানার ভেতরে একটি নির্মাণাধীন পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে নামে অজ্ঞাত এক রাজমিস্ত্রি (৩২)। এ সময় সে ট্যাঙ্কির ভেতরে অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে বাপ্পী ট্যাঙ্কির মধ্যে নামেন। ভেতরে প্রবেশের পর বাপ্পীও একইভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

আরও পড়ুন: বিয়ের ১০ দিন পর নববধূকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ট্যাঙ্কির  ভেতরে নেমে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।
 
সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমারত হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এসি