চট্টগ্রাম নগরীর বর্জ্য থেকে বিদ্যুত্ উত্পাদনে আগ্রহ প্রকাশ করেছে চাইনিজ প্রতিষ্ঠান চায়না পাওয়ার কোম্পানি। গত বৃহস্পতিবার সকালে সিটি মেয়র আ ম নাছির উদ্দীনের সঙ্গে প্রতিষ্ঠানটির দুই সদস্যের এক প্রতিনিধি দল এই আগ্রহ ব্যক্ত করে। এ সময় চায়না পাওয়ারের ম্যানেজার হ্যানকুন পাওয়ার পয়েন্টের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুত্ ও জ্বালানি উত্পাদন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিনিধি দলের নেতা হ্যানকুন বর্জ্য থেকে বিদ্যুত্ ও জ্বালানি উত্পাদনে চসিক থেকে ১০ একর জায়গা ও প্রতিদিন ১ হাজার ৫০০ মেট্রিক টন বর্জ্য প্রয়োজন বলে জানান। এই বর্জ্য থেকে প্রতিদিন ২৫ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় মেয়র দ্রুত সময়ের মধ্যে চায়না পাওয়ার কোম্পানিকে চূড়ান্ত প্রস্তাব দিতে বলেন। এই প্রস্তাবের পর সুবিধাজনক সময়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন মেয়র। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় জায়গা ও বর্জ্য সরবরাহের আশ্বাস দেন মেয়র। এ সময় অন্যদের মধ্যে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।