খাগড়াছড়ির রামগড় থানার নতুন ও দৃষ্টিনন্দন ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত থানা ভবনটি বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। এ ব্যাপারে সকল প্রস্তুতিও নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ বিভাগের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ১০১টি থানার নতুন ভবন নির্মাণ প্রকল্পের আওতায় রামগড়ে অত্যাধুনিক থানা ভবনটির নির্মাণকাজ শেষ হয় গত জুনে।
চারতলা বিশিষ্ট বিশাল ভবনটি রামগড়-ফেনী প্রধান সড়কে চলাচলকারী সকলের নজরকাড়ে। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ বলেন, আধুনিক থানা ভবন নির্মাণের ফলে পুলিশের কাজের সক্ষমতা ও গতি বৃদ্ধি পাবে এবং মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, থানার ভূমির পরিমাণ ৩ দশমিক ৫৩ একর। নতুন ভবন নির্মাণের ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো। ওসিসহ অফিসারদের ফ্যামিলি কোয়ার্টারের নির্মাণকাজও শিগিগরই শুরু হওয়ার কথা রয়েছে।