লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা দুর্গম পাহাড়ের হাজারীখোলা ঘোনা এলাকায় শনিবার রাতে বন্যহাতির আক্রমণে আবদুর রহমান (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি চরম্বা আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন সাংবাদিকদেরকে জানিয়েছেন।

জানা যায়, ঘটনার দিন রাতে হঠাত্ একদল বন্যহাতি এসে আবদুর রহমানের ধানক্ষেত নষ্ট করে এবং আবদুর রহমানের ওপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে কৃষক আবদুর রহমান নিহত হয়। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে কৃষকের লাশ উদ্ধার করে।

লোহাগাড়া পদুয়া রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান জানান, ধানক্ষেত পাহারা দেওয়ার সময় বন্যহাতির আক্রমণে শিকার হয়ে কৃষক আবদুর রহমান নিহত হন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান বলে জানান।