অবৈধভাবে বালু উত্তোলন

কমলগঞ্জে বালুভর্তি ট্রাক জব্দ ও জরিমানা

কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোণাগাঁও এলাকায় লাউয়াছড়া থেকে রবিবার অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বালু বোঝাই পিকআপ জব্দ করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে অভিযোগ পেয়ে কোণাগাঁও এলাকায় লাউয়াছড়া থেকে বালু উত্তোলনস্থলে আকস্মিক অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী। এসময় গ্রামের আবুল কালাম একটি পিকআপযোগে বালু পরিবহন করছিলেন।

বালু ভর্তি পিকআপটি আটকিয়ে বালু উত্তোলন ও পরিবহনের বৈধ কাগজপত্র না পেয়ে পিকআপটি উপজেলা প্রশাসন চত্বরে নিয়ে আসা হয়। পরে আবুল কালামকে জিজ্ঞাসাবাদ করে বালু উত্তোলনের বৈধতার কাগজপত্র দেখাতে পারেননি। পরে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের জন্য বালু ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারায় নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড। তবে আবুল কালাম ৫০ হাজার টাকা প্রদান করলে পিকআপটি ছেড়ে দেওয়া হয়। ইতিপূর্বেও বালু উত্তোলন কাজে ব্যহূত দুটি মেশিনও জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, এর আগেও একই ব্যক্তিকে অবৈধভাবে বালু পরিবহনে একবার জরিমানা করা হয়।