বাগেরহাটে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা আহত দুই

বাগেরহাটে রবিবার দিনদুপুরে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মোংলা মহাসড়কের শুকদাড়া-শ্যামবাগাত নামক স্থানে এই ঘটনা ঘটে। আহত দুই জনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের নেয়ামত শেখ এবং সদর উপজেলার রণজিত্পুর গ্রামের বিদ্যুত্ দাস ওরফে রাঁধা।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের রিয়া স্টোরের দুই কর্মচারী নেয়ামত শেখ ও বিদ্যুত্ দাস ১৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে কাটা কাটাখালি সাউথবাংলা ব্যাংকে রওনা হন। কিছুদূর যাওয়ার পর একটি মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজনের শরীরে দুইটি ও অপরজনের শরীরে একটি গুলি লাগে। তবে তারা টাকা নিতে পারেনি। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।