কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন আজ

পঞ্চম ধাপে আজ ১৪ অক্টোবর ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ দুই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে ভোটযুদ্ধ হবে। দুই দলই জয়ের জন্য মরিয়া। গত উপজেলা নির্বাচনে দুটি উপজেলায়ই জামায়াত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার জামায়াত প্রার্থী দেয়নি। তবে জামায়াতের ভোটাররা বিএনপি প্রার্থীদের ভোট দেবে বলে নির্বাচনী পর্যবেক্ষকরা মনে করছেন। এদিকে নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে দুই উপজেলা।

কোটচাঁদপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী শরিফুন্নেছা মিকি ও বিএনপির মো. আব্দুর রাজ্জাকের মধ্যে। জয়ের জন্য দুটি দলই ব্যাপক প্রচার চালিয়েছে। উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন খায়রুল হোসেন সাথী।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নিমাই দে, মো. আব্দুল করিম, মো. আবুল কালাম আজাদ, মো. বিয়াজ হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. রোস্তম আলি ও শরিফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা ইসলাম, পিংকী খাতুন ও রুবিনা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ময়জদ্দীন হামীদ ও বিএনপির এস এম শাহজামানের মধ্যে ভোটযুদ্ধ হবে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মির সুলতানুজ্জামান লিটন।

ভাইস চেয়ারম্যান পদে মো. আজিজুল হক, মো. তরিকুল ইসলাম, মো. বিল্লাল হোসাইন, মো. মনিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও লক্ষ্মণ  হালদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসরাত জাহান, নাছরীন সুলতানা, রেহেনা খাতুন, শামীমা সুলতানা ও হাসিনা খাতুন হেনা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তায় ১ হাজার পুলিশ সদস্য, দেড় হাজার আনসার ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থাকবে র্যাবের টহল।