বড়শি খুঁজতে গিয়ে নদে ডুবে কিশোরের মৃত্যু

মিঠাপুকুরে ঘাঘট নদ থেকে দেলোয়ার হোসেন দিলশাদ নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। মাছ শিকারের সময় হারিয়ে যাওয়া বড়শি খুঁজতে গিয়ে নদে তলিয়ে তার মৃত্যু হয়।

নিহত দিলশাদ ভাংনি ইউনিয়নের বেতগাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যার দিকে শঠিবাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বড়শি দিয়ে মাছ ধরতে ঘাঘট নদে নামে দিলশাদ। এ সময় পানিতে হারিয়ে যাওয়া বড়শি খুঁজতে নদে ডুব দেয় সে। শঠিবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অধিনায়ক কাজল মিয়া বলেন, ডুবুরি দল নদ থেকে দিলশাদকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।