পুঁজিবাজারে দরপতন থামছেই না। গতকাল রবিবার সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্টের বেশি কমেছে। অব্যাহত দরপতনের ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। মূল্যসূচকের ধারাবাহিক পতনের সঙ্গে লেনদেনও কমেছে ব্যাপক হারে। ডিএসইতে লেনদেনের পরিমাণ আবারও ৩০০ কোটির নিচে নেমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৫টি কোম্পানির ৮ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৫৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ২৯৮ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকা। এর আগে গত ১৬ জুলাই ডিএসইতে ২৭১ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়। লেনদেন কম হওয়ায় তারল্য সংকট রয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। ফলে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। দিন যত যাচ্ছে পুঁজি হারানোর শঙ্কাও তত বাড়ছে। পুঁজিবাজারসংশ্লিষ্টরা বলছেন, সরকারের হস্তক্ষেপে সম্প্রতি শেয়ারবাজারের জন্য বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে; কিন্তু বাজারে এর সুফল মিলছে না। পুঁজিবাজারে তারল্যসংকট কাটছে না। শেয়ারবাজারে তারল্য বাড়ানোর লক্ষ্যে ২ হাজার কোটি টাকার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ (আইসিবি)। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সরকারি ৫টি ব্যাংকের কাছে এ টাকা চেয়েছে প্রতিষ্ঠানটি। পুঁজিবাজারে গতি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও এর প্রভাব দেখা যাচ্ছে না। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকাল রবিবার সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব কটি মূল্যসূচকের বড়ো পতন হয়েছে।
গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৮ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৪৭৬১ দশমিক ৮৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৬৮৯ দশমিক ১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক ১১ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১০৯৯ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ২৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—ন্যাশনাল টিউবস, ওয়াটা কেমিক্যালস, বিএসসিসিএল, মুন্নু স্টাফলার, বিএসসি, সিলকো ফার্মা, স্কয়ার ফার্মা, বীকন ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস ও সামিট পাওয়ার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—মোজাফফর হোসেন স্পিনিং, ফরচুন সুজ, আরএন স্পিনিং, মুন্নু সিরামিকস, জাহিন টেক্স, কাট্টালি টেক্স, নাহী অ্যালুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, আইসিবি এমপ্লয়ী মি. ফা. ১ স্কীম ১ ও প্রাইম ইনসিওরেন্স।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক সিএএসপিআই গতকাল ১৪৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫১০ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৬ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩০টির দাম বেড়েছে। কমেছে ১৮১টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। a