বিশ্বের অন্যতম বৃহত্ ফুড ও বেভারেজ মেলা ‘আনুগা ২০১৯’-এ ৫২ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উত্পাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ। জার্মানির কোলন শহরে গত ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এবারের মেলায় বিশ্বের ১০০টি দেশ থেকে ৭৫৯০টি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে। আনুগা প্রদর্শনীতে এবার নিয়ে মোট ১২ বারের মতো অংশ নিল প্রাণ। মেলায় প্রাণের পণ্যে দর্শনার্থীদের ব্যাপক উত্সাহ ও সাড়া পাওয়া গেছে উল্লেখ করে প্রাণ এক্সপোর্টের প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বছর দুইটি স্টলে নতুন ৩০টি পণ্যসহ পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করে প্রাণ। এসব পণ্যের মধ্যে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল জুস, কনফেকশনারি ও বেকারি পণ্য। তিনি জানান, আনুগা প্রদর্শনী বিশ্ব জুড়ে ব্যাপক সমাদৃত। এবার ১০০ বছরে পা দিল আনুগা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেয়। ব্যবসায়ীরা মেলায় তাদের পণ্য প্রদর্শন করে, অন্যদিকে ক্রেতারা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, এ প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য রপ্তানি বাজার সম্প্রসারণ করা। কারণ আমরা প্রাণের পণ্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিতে চাই। আর এক্ষেত্রে ‘আনুগা’ মেলা বড়ো একটা প্লাটফরম হিসেবে কাজ করে। এছাড়া ইউরোপের বিখ্যাত চেইনশপগুলোতে প্রাণের পণ্যসংখ্যা বাড়ানো আমাদের এ মেলায় অংশগ্রহণের অন্যতম কারণ। —প্রেস বিজ্ঞপ্তি