বিভিন্ন সেবা ক্যাটাগরিতে বাংলাদেশে চলাচলকারী এয়ারলাইনগুলোকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের মতামত জরিপের কাজ গতকাল রবিবার থেকে শুরু হয়েছে। ভ্রমণ বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর অষ্টম বারের মতো এ মতামত জরিপ কার্যক্রম আয়োজন করেছে। ‘হালট্রিপ-মনিটর এয়ারলাইন অফ দ্যা ইয়ার ২০১৯’ শীর্ষক এই কার্যক্রমে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ। পার্টনার হিসেবে সহায়তা করছে মাস্টারকার্ড, জিডিএস কোম্পানি-ট্রাভেলপোর্ট এবং প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল। ১৬টি সেবা ক্যাটাগরিতে এয়ারলাইনগুলোকে পুরস্কৃত করা হবে। ২০১৯ সালে ন্যূনতম চার বার আকাশপথে ভ্রমণ করেছেন এমন যে কেউ মতামত জরিপে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১৫ নভেম্বর ২০১৯-এর মধ্যে একটি নির্দিষ্ট ফরম পূরণ করে অথবা অনলাইনে (www.bangladeshmonitor.com/poll) নিজের পছন্দের এয়ারলাইনের জন্য ভোট প্রদান করা যাবে।
গতকাল রাজধানীর একটি হোটেলে মতামত জরিপ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক তাজবীর হাসান, ট্রাভেলপোর্টের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এবং নেপালের আঞ্চলিক প্রধান দারাজ মাহমুদ প্রমুখ। কাজী ওয়াহিদুল আলম তার বক্তব্যে বলেন, আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য হলো—যাত্রী চাহিদা পূরণের স্বার্থে সেবার মান উন্নয়নে এয়ারলাইনগুলোর মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা। একটি বিজ্ঞ ও নিরেপক্ষ জুরি কমিটি মতামত জরিপের ফলাফল বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য এয়ারলাইন নির্বাচন করা হবে। আগামী বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে চূড়ান্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।