ঐক্যফ্রন্টের শোকশোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড ধস্তাধস্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত শোকশোভাযাত্রায় বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে শোকশোভাযাত্রা বের হলে প্রেসক্লাবের সামনেই ব্যারিকেড দিয়ে পণ্ড করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শোকশোভাযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। এসময় ঐক্যফ্রন্টের নেতারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কিছুটা কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। বাধা দেওয়ায় সেখানেই দাঁড়িয়ে সরকারের কড়া সমালোচনা করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, এই সরকার গণবিরোধী সরকার। জনগণকে দেখলেই তারা ভয় পায়। আজ দেশের মানুষকে বন্দি করে রেখেছে এই অবৈধ সরকার। কেউ কোনো কথা বলতে পারে না। সভাসমাবেশ করতে পারে না।

শোভাযাত্রা করতে না দেওয়ায় তিনি আবার আগামী ২২ অক্টোবর শোকশোভাযাত্রা ঘোষণা করেন। শোকশোভাযাত্রায় অংশগ্রহণ করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।