কদমতলীতে মারধরে আহত কিশোরের মৃত্যু

রাজধানীর কদমতলীতে মারধরে আহত এক কিশোর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। তার নাম আসিফ (১৬)। গতকাল রবিবার সকালে তার মৃত্যু হয়। কী কারণে তাকে মারধর করা হয়েছিল তা জানাতে পারেননি স্বজনরা।

মৃতের ভাবি মুনা ও খালাতো ভাই রুবেল জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন গ্রামের এবাদত হোসেনের ছেলে আসিফ। সে পরিবারের সঙ্গে কদমতলীর পূর্ব ধোলাইপাড় এলাকার ২ নম্বর গলিতে থাকত। কয়েক দিন আগে এলাকার একটি গলিতে অপু, বিদ্যুত্ ও রায়হান নামে তিন জন তাকে বেধড়ক পেটায়। এতে অসুস্থ হয়ে সে বাসায় শয্যাশায়ী ছিল। শনিবার রাতে বেশি অসুস্থ বোধ করায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।