বুয়েটে গ্রাফিতি এঁকেই দিন পার করলেন আন্দোলনকারীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সপ্তম দিনে আন্দোলন শিথিল করলেও একেবারে বসে থাকেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল রবিবার আন্দোলন না করলেও গ্রাফিতি (প্রতিবাদী দেওয়ালচিত্র) এঁকে দিন পার করেছেন তারা । সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বুয়েটের শহিদ মিনারের সামনের দেওয়াল, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও প্রশাসনিক ভবনের দেওয়ালে গ্রাফিতি আঁকছেন। শিক্ষার্থীরা জানান, আবরার আমাদের মাঝে শহিদ হিসেবে আজীবন সমাদৃত হবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অন্ধ ভাব, আবরারের ওপর নির্যাতনের নীরব প্রতিবাদ জানাবে এসব গ্রাফিতি। তারা জানান, ভর্তি-ইচ্ছকু শিক্ষার্থীদেরকে অত্যাচারের কথা স্মরণ করিয়ে দেবে এসব গ্রাফিতি। তবে আগামী ১৫ তারিখে আবার আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী অন্তরা তিথি। ইত্তেফাককে তিনি বলেন, প্রশাসনকে আমরা একটা আল্টিমেটাম দিয়েছি। প্রশাসন আমাদের দেওয়া আল্টিমেটাম অনুযায়ী কাজ শুরু করেছে। তবে আমরা যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট হতে পারছি না। দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আগামী মঙ্গলবার আমাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাব।

এদিকে আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে হল থেকে অবৈধ           ছাত্রদের বের করতে শুরু করেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে হলগুলোতে তল্লাশি শুরু করেন হল প্রশাসন। এখন পর্যন্ত ৯০ শতাংশ অবৈধ শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘বুয়েটে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর। অতিদ্রুত সময়ের মধ্যে আমরা বহিরাগত ও অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বের করব।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বুঝতে পারছে এরই মধ্যে তাদের দাবিগুলোর বাস্তবায়ন চলছে। তাই আন্দোলন থেকে তারা সরে আসবে। শিক্ষার্থীরা অবশ্য বলেছে, দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের তত্পরতা লক্ষ্য রেখে আন্দোলনের ভবিষ্যত্ নির্ধারণ করবেন তারা।

ভর্তি পরীক্ষা আজ : বুয়েটের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নয়টি কেন্দ্রে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও জোরদার রাখা হবে পরীক্ষার দিন।