দেড় হাজার টাকার বিদ্যুত্ বিল হয়ে গেল ৪৫ হাজার!

নাটোরের সিংড়ায় এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানের নামে এক মাসে বিদ্যুত্ বিল এসেছে ৪৫ হাজার ৬০৬ টাকা। অথচ তার আগে প্রতি মাসে বিল আসত ১ থেকে দেড় হাজার টাকা। নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর সিংড়া জোনাল অফিস থেকে ইস্যু করা এ বিলটি পাঠানো হয়েছে উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা বাজারের একটি ওয়ার্কশপের মালিক শাহাদত হোসেনকে।

বিলের কাগজে দেখা যায়, ঐ প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসে বিল এসেছে ৪৫ হাজার ৬০৬ টাকা। অথচ জুলাই মাসে বিল এসেছিল মাত্র ১ হাজার ২৮৬ টাকা এবং আগস্ট মাসে বিল এসেছিল ১ হাজার ৭১৯ টাকা। শাহাদত হোসেনের ছেলে নাজমুল হোসেন বলেন, এমন ভূতুড়ে বিল আমি জীবনে দেখিনি। মিটার না দেখেই বিল লিখেছেন বলে আমার মনে হয়। গত মাসে বিল ঠিক এলেও এ মাসে বিল এসেছে ৪৫ হাজার টাকার ওপরে, যা কাল্পনিক ছাড়া কিছু নয়। এমতাবস্থায় আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)  রেজাউল করিম বলেন, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিষয়টি দেখব।