হাওর আর এখন পিছিয়ে পড়া জনপদ নয় :রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হাওর এলাকার সরকারি কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষকসহ সবাইকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চিকিত্সকরা জেলা শহর থেকে এসে অফিস করেন। অনেকে বৃহস্পতিবার আসতেই চলে যাওয়ার জন্য দৌড় শুরু করেন। এভাবে চলবে না। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শুধু জ্ঞান বিতরণ নয়, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদি বিষয়ে পারদর্শী করে তুলতে হবে। হাওরকে এখন আর পিছিয়ে পড়া জনপদ বলা যাবে না। নিজ উপজেলা মিঠাইনে দুই দিনের সফর শেষে গতকাল রবিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল হামিদ আরো বলেন, হাওরের তিন উপজেলায় রেসিডেন্সিয়াল স্কুল-কলেজ হবে। ইটনায় ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে। এখানে পর্যটন কেন্দ্র হবে। অষ্টগ্রামে একটি মত্স্য ইনস্টিটিউট করার পরিকল্পনা রয়েছে। এখনই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আর নিকলীর হাওর এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য লোকজন ছুটে আসছেন।

তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে এমপি, সবাই নির্বাচনের আগে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। পাশ করলেই ব্যবহার পালটে যায়। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, আমি হাওরের রাস্তাঘাট করে দিচ্ছি। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের।

সমাবেশে সভাপতিত্ব করেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সহসভাপতি ওমর ফারুক প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও বিভিন্ন স্তরের সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রভাষক মো. জসীমউদ্দিন। সমাবেশ শেষে সন্ধ্যায় মিলনায়তনে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।