চট্টগ্রামের সাবেক ওসি ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের পটিয়া থানার সাবেক ওসি মো. রেফায়েত উল্লাহ চৌধুরী ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদক চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর বাদী হয়ে কমিশন সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেছেন।

রেফায়েত উল্লাহ চৌধুরীর দুই ভাই হলেন মো. আফতাব উল্লাহ চৌধুরী ও মো. হাফিজ উল্লাহ চৌধুরী।

পুলিশ কর্মকর্তা রেফায়েত উল্লাহ বর্তমানে রাজশাহী রেঞ্জে কর্মরত আছেন। আসামিরা কুমিল্লা জেলার লাকসামের দৌলতবাজার এলাকার রহিম উল্লাহ চৌধুরীর পুত্র। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামিরা আয়বহির্ভূত ২ কোটি ৭৯ লাখ ২৫ হাজার ৬৬৩ টাকার সম্পদ অর্জন করেন। এসব সম্পত্তির বিষয়ে রেফায়েত উল্লাহ চৌধুরী কোনো বৈধ উত্স দেখাতে পারেননি বলে এজাহারে বলা হয়। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে এই অবৈধ সম্পদ অর্জন করেন পুলিশ কর্মকর্তা রেফায়েত উল্লাহ।

দুদকের অনুসন্ধানে রেফায়েত উল্লাহ চৌধুরীর নামে এবি ব্যাংক, এনসিসি ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মোট ১২টি হিসাবের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার স্ত্রী নাসরিন আক্তার রুমার নামে এবি ব্যাংক, এনসিসি ব্যাংক, এক্সিম ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকে ছয়টি হিসাবের তথ্য পাওয়া গেছে।

ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে জমা করেছেন বলে উল্লেখ করা হয় মামলায়।

পরবর্তীতে তিনি স্ত্রী নাসরিন আক্তার রুমার ব্যাংক হিসাবে জমাকৃত টাকা নিজের বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে উত্তোলন করেন। এছাড়া নিজের ব্যাংক হিসাব থেকে ভাই আফতাব উল্লাহ চৌধুরীকে ৬৯ লাখ ৪৫ হাজার টাকার দুটি পে-অর্ডার এবং আফতাব উল্লাহ চৌধুরীর নামে ৪১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ফ্ল্যাট কিনেছেন।