বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, স্মরণকালের মধ্যে এখন ভারত বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সুসম্পর্ক বিরাজ করছে। দ্বিপক্ষিক আলোচনার মধ্য দিয়ে অনেক কঠিন বিষয় সমাধান করা হয়েছে। শিল্পায়নের জন্য বাংলাদেশকে গোটা বিশ্ব অনেক গুরুত্ব দিয়ে দেখছে। বাংলাদেশের এই অগ্রগতি গোটা বিশ্বকে আকর্ষণ করছে।
শনিবার রাতে বরিশাল নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলের বলরুমে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন । অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশর প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ দুই জন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাদের মধ্যে এটা ছিল প্রথম আনুষ্ঠানিক সাক্ষাত্। দুই প্রতিবেশীর সাথে সুন্দর রাজনৈতিক সম্পর্ক বিরাজমান। আগামীতে দুই দেশ এই বন্ধুত্বকে আরো এগিয়ে নিতে পারবে।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনারকে সিম্বলিক সিটি কি (নগরীর প্রতীকী চাবি), জামদানি শাড়ি উপহার দেয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতীকী নৌকা প্রদান করা হয়। এর আগে স্বাগত বক্তৃতায় সাদিক আবদুল্লাহ মুক্তিযুদ্ধকালীন এবং ১৯৭৫ পরবর্তী সময়ে ভারতের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।