ধলেশ্বরীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে পলি উত্তোলন, হুমকিতে বাড়িঘর-ফসলি জমি

মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে পলি উত্তোলন করা হচ্ছে। সাকরাইল কলমাই মাঠ থেকে পাঞ্জনখানা, তিল্লি পর্যন্ত একাধিক ড্রেজার দিয়ে দিনের পর দিন অবৈধ এই কাজটি করে চলেছে একাধিক চক্র। এতে করে ভাঙনের হুমকির মুখে পড়েছে নদীপাড়ের বাড়িঘর ও ফসলি জমি। পরিবেশ বিধ্বংসী এই কাজের সঙ্গে এলাকার প্রভাবশালীরা জড়িত থাকায় গ্রামের সাধারণ মানুষ ভয়ে কিছু বলতে পারছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ধলেশ্বরী নদীতে এর আগে একাধিক ড্রেজার অপসারণ করা হয়েছে। এ বিষয়েও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। —শহিদুল ইসলাম সুজন