মা ইলিশ নিধনবিরোধী অভিযানে গত শুক্রবার থেকে গতকাল রবিবার পর্যন্ত মুন্সীগঞ্জ, আড়াইহাজার, দোহার, মানিকগঞ্জ ও সোনারগাঁওয়ে ৪৭ জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে বিপুলপরিমাণ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মানদীতে মা ইলিশ নিধনবিরোধী অভিযান চালিয়ে ১০ জন জেলেকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও মাছ ক্রয়ের ৮৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। জালগুলো পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ৯টি মাছ ধরার ট্রলার পদ্মা নদীতে ডুবিয়ে বিনষ্ট এবং তিনটি ট্রলার জব্দ করা হয়। গত শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান চলে।
মানিকগঞ্জে ১৫ জনের কারাদণ্ড
মানিকগঞ্জ প্রতিনিধি ও শিবালয় সংবাদদাতা জানান, মা ইলিশ ধরার দায়ে গতকাল রবিবার শিবালয় উপজেলায় যমুনাবক্ষে ১৫ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবালয় ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ এ দণ্ডাদেশ প্রদান করেন। তাদের নিকট থেকে উদ্ধারকৃত প্রায় দুই লাখ ঘনমিটার অবৈধ কারেন্ট জালসহ বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়েছে।
দোহারে ১০ জেলে আটক
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মা ইলিশ ধরার সময় ১০ জেলেকে আটক করা হয়েছে। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। শনিবার রাতে কোস্ট গার্ড, পুলিশ ও মত্স্য অফিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত আটককৃত আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুই জনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পোড়ানো হয় এবং মাছগুলো বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।
সোনারগাঁওয়ে ৯ জেলের কারাদণ্ড ও জরিমানা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। রবিবার সকালে নৌ পুলিশের সহায়তায় ৯ জেলেকে আটক করেছে সোনারগাঁও উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহমুদা আক্তার। এদের মধ্যে তিন জনকে ৩ হাজার টাকা করে জরিমানা ও ছয় জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারে নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয় ও মাছগুলো স্থানীয় মাদ্রাসায় দান করা হয়।
আড়াইহাজারে তিন জেলের জেল
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে মা ইলিশ মাছ নিধনের অপরাধে তিন জেলেকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলার বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ। অভিযানকালে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জেলেদের নিকট থেকে উদ্ধারকৃত ২০ কেজি ইলিশ মাছ পাশের এতিমখানায় দিয়ে দেওয়া হয়।