মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়ার বাসুদিয়া গ্রামে প্রতিপক্ষের আগুনে আয়নাল মোল্লার বসতবাড়ির ঘরে রাখা প্রায় ৭০ মণ ধানসহ মালামাল পুড়ে গেছে। এ সময়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুসহ পরিবারের অন্য সদস্যরা। আয়নাল মোল্লার ভাই আনোয়ার হোসেন মোল্লা ও আয়নাল মোল্লার মেয়ে মালা বেগম জানান, শুক্রবার বিকালে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থক আলাউদ্দিন, রাসেল, কয়েল, হালিম শেখসহ প্রায় ৩০ জন লোক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির সামনে এসে অসীম মোল্লাকে (২৮) মারধর করে। এ ঘটনায় লৌহজং থানায় একটি অভিযোগ দেওয়া হলে রাতে পুলিশ আসে। পরে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আমাদের ধান রাখার গোলাঘর ও অন্য একটি ঘরে আগুন দেয় প্রতিপক্ষের লোকজন। পরে টের পেয়ে প্রতিবেশীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই প্রায় ৭০ মণ ধান ও অন্যান্য মালামাল পুড়ে যায়। ভুক্তভোগীরা জানান, কেউ টের না পেলে ঘুমন্ত শিশুসহ অন্য সদস্যরাও পুড়ে যেত। এ ব্যাপারে লৌহজং থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির কথা স্বীকার করলেও আগুন লাগানোর কথা অস্বীকার করেন। আগুনের ঘটনার সঙ্গে আমার লোকজন জড়িত নয় বরং ওরা নিজেরা নিজেদের গোলায় আগুন দিয়ে আমার লোকজনকে মামলায় ফাঁসাতে আগুনের ঘটনা ঘটিয়েছে।