জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নে সিভিল সার্ভিসের সদস্যদের সুদক্ষভাবে গড়ে তুলতে হবে।
গতকাল রবিবার সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের সুশাসন নিশ্চিত করে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদের বিশেষ করে নবীন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্তগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব মূলত নবীন কর্মকর্তাদের। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. রকিব হোসেনের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী সফলভাবে কোর্স সম্পন্ন করা ৩৯৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। ছয় মাসমেয়াদি এ প্রশিক্ষণ কোর্স শেষে প্রথম স্থান অধিকারী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সদস্য আরিফা আফরিন রেক্টর মেডেল লাভ করেন।