‘আর অনুপ্রবেশ নয়। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলছুটদের স্থান নেই ধামরাইয়ে আওয়ামী লীগের কোনো কমিটিতে। কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত করার আগে তার পরিবারের বর্তমান ও অতীতের রাজনৈতিক ইতিহাস খতিয়ে দেখা হবে। স্বার্থসিদ্ধি বা ফায়দা লোটার জন্য একই পরিবারের কেউ আওয়ামী লীগ, কেউ অন্যদল করবে এমন ব্যক্তি আওয়ামী লীগের কোনো কমিটিতে স্থান পাবে না। দলের সুনাম ক্ষুণ্ন হতে পারে বা করতে পারে এমন কোনো ব্যক্তি কমিটিতে স্থান পাবে না।’
শনিবার সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে থানা রোড এলাকার একটি কনভেনশন হলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলছিলেন। সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন, সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা এম এ মালেক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।
সভার প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ বলেন, সকলের সহযোগিতায় স্বচ্ছতার ভিত্তিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কমিটিগুলো এমনভাবে গঠন করতে হবে যাতে করে তিনি (বেনজীর আহমেদ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও সহযোগিতায় পাঁচ বছরে ৫০ বছরের উন্নয়ন কাজ সুসম্পন্ন করতে পারেন।