যোগদানের বর্ষপূর্তিতে অনুষ্ঠান আয়োজনকারী সেই ওসি বদলি

ওসমানীনগর থানায় যোগদানের এক বছরপূর্তি উপলক্ষ্যে থানার ভেতরে ঘটা করে অনুষ্ঠান করার ঘটনার আলোচিত সেই ওসি এসএম আল মামুনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। গতকাল রবিবার বিকালে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে প্রশাসনিক কারণ দেখিয়ে এক আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়। রবিবারই ওসমানীনগর থানায় শেষ কার্যদিবস ছিল ওসি এস এম আল মামুনের।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা (মিডিয়া) মো. আমিনুল ইসলাম ওসি এসএম আল মামুনের বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে’ ওসমানীনগর থানার ওসিকে রবিবার বদলি করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।  তবে নতুন করে কাউকে ওসির দায়িত্ব দেওয়া হয়নি। ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আপাতত ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এস এম আল মামুন ওসমানীনগর থানায় যোগ দেন এক বছর পূর্বে। গত বৃহস্পতিবার এ থানায় তার যোগদানের বছরপূর্তি উপলক্ষ্যে রাতে থানার ভেতরে  শেরওয়ানি পরে বর বেশে বিশাল কেক কাটেন । পরে ভূঁরিভোজসহ গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।