বেঙ্গল সায়েন্টিফিকের জিএম কামরুল গ্রেফতার

রংপুর মেডিক্যাল কলেজে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করে প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের মামলায় বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মহাব্যবস্থাপক সৈয়দ কামরুল হাসানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে রাজধানীর মত্স্য ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক সূত্র জানায়, রংপুর মেডিক্যাল কলেজে যন্ত্রপাতি কেনার নামে ৪ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা আত্মসাতের অভিযোগে গত ১২ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ ডা. মো. নুর ইসলামসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের মার্চ থেকে জুন মাসে এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মালিক মো. জাহের উদ্দিন সরকার, তার বাবা মো. আব্দুস সাত্তার সরকার, ছেলে মো. আহসান হাবিব, আরেক প্রতিষ্ঠান ইউনির্ভাসেল ট্রেড করপোরেশনের মালিক মো. আসাদুর রহমান এবং রংপুর মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেন। মামলার এজাহারভুক্ত ছয় আসামি মামলার পরপরই গ্রেফতার হন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।