কৃষক লীগের সম্মেলনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। ২ নভেম্বরের পরিবর্তে আগামী ৬ নভেম্বর বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী মত্স্যজীবী লীগের সম্মেলন হবে। গতকাল রবিবার রাতে আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলের কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ৯ নভেম্বর বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শ্রমিক লীগ, ১৬ নভেম্বর বেলা ১১টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর বেলা ১১টায় আওয়ামী যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব সম্মেলন সফল করার জন্য সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন।