চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী খোরশেদ নিহত

মহানগরীর আগ্রাবাদ এলাকায় র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. খোরশেদ আলম (৪৫) নিহত হয়েছে। গতকাল রবিবার  রাত সাড়ে ৯টার সময়  আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনাটি ঘটে বলে জানান র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

খোরশেদ আলম আগ্রাবাদের পাঠানটুলী এলাকার শফিক আহমেদের পুত্র। খোরশেদ নিজেকে সরকারদলীয় সমর্থক দাবি করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল বলে র্যাব জানিয়েছে।

র্যাব সূত্র আরো জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ খোরশেদ আলম ও তার সহযোগীদের অবস্থান জানতে পেরে অভিযান চালানো হয়।  এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে খোরশেদ। র্যাবও পালটা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলে তথ্য দেন র্যাব কর্মকর্তারা।