পাবনায় প্রথমবারের মতো পতাকা উত্সব

পাবনা প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে পাবনায় প্রথমবারের মতো পতাকা উত্সব অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন পাঠশালা যৌথভাবে এই পতাকা উত্সবের আয়োজন করে।

বুধবার সকাল ১০টায় পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিমউদ্দিন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস, পাঠশালার সভাপতি স্বাধীন মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে পাবনার বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে এক হাজার জাতীয় পতাকা ও এক হাজার ব্যাজ বিতরণ করা হয়। পরে জাতীয় পতাকা হাতে সবার অংশগ্রহণে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।