গলাচিপায় বিএনপি প্রার্থী রনির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কুশপুত্তলিকা দাহ

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপা শহরে বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে বুধবার ঝাড়ু মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। স্থানীয় পৌর মঞ্চ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন আলমগীর ফিটার, সালমা বেগম, রেশমা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, গোলাম মাওলা রনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে বিজয়ী হন। তার আমলের ৫ বছরের সময়কাল ছিল দুঃশাসনের। আওয়ামী লীগের সিনিয়র নেতারাও তার রোষানলের শিকার হয়। গলাচিপা, উলানিয়া নদী তীর দখল, টেন্ডারবাজি, হামলা মামলা ছিল নিত্যদিনের ঘটনা। উলানিয়া বন্দরে নদী তীর ভরাট করে দখলে নিয়ে কোটি টাকা হাতিয়ে নেয় তার লোকজন। স্থানীয় ও পটুয়াখালী জেলা শহরে কর্মরত সংবাদকর্মীদের ওপর বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হয়।