কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী টাইফুন হাগিবিসে জাপানের আটটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলের অন্তত ৩৭ জন নিহত ও ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। তবে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের উদ্ধৃতি দিয়ে অন্তত ৩১ জন নিহত, ১৫ জন নিখোঁজ ও ১৮৬ জন আহত হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির মধ্য ও পূর্বাঞ্চলীয় শহরগুলোর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে আছে বলে জানিয়েছে এনএইচকে। ১ লাখ ১০ হাজারেরও বেশি লোক উদ্ধার কাজে অংশ নিচ্ছে। তারা কোমর সমান পানি ও কাদার মধ্যে নেমে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হাগিবিস জাপানের প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূল দিয়ে স্থলে উঠে আসে, এরপর দেশটির মধ্য ও পূর্বাঞ্চল জুড়ে তাণ্ডব চালানোর পর সোমবার দুর্বল হয়ে স্থল থেকে ফের সাগরে ফিরে যায়।