স্পেনে দেশদ্রোহিতার দায়ে কাতালান নেতাদের কারাদণ্ড

দেশদ্রোহিতার দায়ে ৯ জন বিচ্ছিন্নতাবাদী কাতালান নেতাকে ৯ থেকে ১৩ বছর কারাদণ্ড দিয়েছে স্পেনের সর্বোচ্চ আদালত। ২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার প্রস্তাবে গণভোট আয়োজনে ভূমিকার কারণে তাদের দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আইন অমান্যের দায়ে আরো তিন বিচ্ছিন্নতাবাদী নেতা দোষী সাব্যস্ত হলেও তাদের কারাদণ্ড দেওয়া হয়নি, শুধু জরিমানা করা হয়েছে। কাতালোনিয়ার ১২ জন রাজনীতিক ও আন্দোলনকারী তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার এই রায় ঘোষণার আগে কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা গণ-আইন অমান্যের পরিকল্পনা করছিল। বিচারে কাতালোনিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট ওরিয়ন জুনকেলাসকে ২৫ বছর কারাদণ্ড দেওয়ার দাবি করেছিলেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। দেশদ্রোহিতা ও সরকারি তহবিলের অপব্যবহারের দায়ে তাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ৯ জনকে আরো গুরুতর অপরাধ বিদ্রোহের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।