জলঢাকায় উপজেলা ভাইস চেয়ারম্যানের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা

জলঢাকায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ফয়সাল মুরাদকে গ্রেপ্তারের দাবিতে বুধবার বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ স্বাধীনতা স্বপক্ষের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে তারা পৌরসভার জিরোপয়েন্ট মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে সড়ক অবরোধ করে। পরে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা কর্মসূচি আগামী রবিবার পর্যন্ত স্থগিত করে। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, জেলা জাসদ সভাপতি আজিজুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর প্রমুখ।

এ ঘটনায় রাতে সাবেক পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মানিকুজ্জামান মানিক বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজাউদ্দৌলা ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফারকে সাক্ষী করে ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদসহ বিএনপি জামায়াতের পাঁচজনকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, আপনাদের সাথে আমিও একাত্মতা প্রকাশ করেছি এবং ওই মামলার ১নং সাক্ষী হয়েছি।