নেত্রকোনায় রাস্তায় ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি!

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন সড়কে বিদ্যুত্ সঞ্চালনের জন্য যে সমস্ত খুঁটি রয়েছে তার অধিকাংশই হেলে পড়েছে। ফলে ঝড়ের সময় ঝুঁকিপূর্ণ ঐসব খুঁটি ভেঙে বাড়িঘর বা দোকানের ওপর পড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নেত্রকোনা পৌর শহরের মোক্তাপাড়া থেকে স্টেশন রোড, সাতপাই, বড়বাজার, মালনী রোড, বারহাট্টা সড়কসহ বেশ কয়েকটি সড়কের বিদ্যুতের খুঁটি হেলে রয়েছে। ঐসব খুঁটি গাঁথুনির সময় ঠিকভাবে যেমন করা হয়নি, তেমনি হেলে পড়া খুঁটি সোজা না করেই তার টানা হয়েছে। এ রকমভাবে নেত্রকোনা শহর ও আশপাশের গ্রাম এলাকায় ২০ থেকে ৩০টি খুঁটি হেলে রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মিন্টু বলেন, বিদ্যুত্ বিভাগের কাছে বার বার বলা হলেও  কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। নেত্রকোনা বিদ্যুত্ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল আহমেদ বলেন, হেলে পড়া কয়েকটি খুঁটি সোজা করা হয়েছে, বাকিগুলোও করা হবে।