পর্যটকদের নতুন আকর্ষণ লাল-শাপলার বিকিবিল

হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট অফিস ও

   মো. বুরহান, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রাকৃতিক সম্পদে ভরপুর ও পর্যটনসমৃদ্ধ ভাটির জনপদ সুনামগঞ্জ। এই জেলার উত্তরে বিশাল খাসিয়া-জৈন্তা পাহাড়। পাদদেশে সুবিন্যস্থ হাওর, নদী, খাল জনপদ। ধান, মাছ, বনজ ও খনিজ সম্পদের পরিচিতির সঙ্গে পর্যটন স্পটের পরিচিতি এখন যোগ হয়ে এই জেলার উন্নয়নে নতুন স্বপ্নের ডানা মেলছে। এর মাধ্যমে ধীরে ধীরে আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি লাভ করছে।

টাঙ্গুয়া, যাদুকাটা, টেকের ঘাট, নীলাদ্রী, শহীদ সিরাজ লেক ও শিমুল বাগানের সৌন্দর্যের কথা এতদিন ছিল মানুষের মুখে মুখে। এবার  ঐ সব এলাকার সৌন্দর্যকে ছাপিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে উঁকি দিয়েছে লাল শাপলার বিল। পূর্ব আকাশে সূর্যের আলোকেও হার মানায় বিকি বিলের শতসহস্র রক্তিম লাল শাপলা। পানির ওপর ফুলে ফুলে সাজানো লালগালিচা। আর দূরে গাঢ় সবুজ পাহাড়। লাল-সবুজে ভরা এমন প্রকৃতির রূপ যে কাউকে পাগল করে তোলে। মনে হয় এ কোনো রূপ সাগর। এমন লাল শাড়ী পরা বিকি বিল আগান্তুককে মায়াজালে জড়িয়ে রাখে।

প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাশতাল এলাকায় অবস্থিত লাল শাপলার বিকি বিলকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। তিনি গত শনিবার ঐ বিল পরিদর্শনে যান এবং ‘পর্যটকদের ভ্রমণের জন্য নতুন এলাকা’ হিসেবে  একটি সাইনবোর্ডও টানিয়ে দিয়েছেন।

জেলা প্রশাসক আবদুল আহাদ মনে করেন, জেলার পর্যটন স্পটগুলোর মধ্যে এটি নতুন সংযোজন এবং এটিকে ভিত্তি করে এক সময় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকতা লাভ করবে।

কাশতাল গ্রামের পাশে বিকিবিল। এই লাল শাপলার বিলে ছুটে আসছেন  প্রকৃতি প্রেমীরা। বর্ষার ৬ মাস পানিতে নিমোজ্জিত থাকে বিলটি। পানি কমে গেলে শীতের প্রাক্কালে বোরো ধান চাষ হয়। মাত্র কয়েক মাসের জন্য শাপলা ফুল ফুটে এখানে। রক্তিম সূযের্র উপস্থিতিতে লাল শাপলা পাখা মেলে। মধ্য দুপুরে সূর্যের তীব্রতায় আপন সৌন্দর্যকে গুটিয়ে শাপলা চোখ বুঝে থাকে। বিকি বিলের  প্রায় ১ শত বিঘা জমিতে এই শাপলার উপস্থিতি। 

নয়নাভিরাম মনোমুগ্ধকর লাল শাপলা এলাকার ঐশ্বর্যে পরিণত হয়েছে। স্থানীয়ভাবে সহজলভ্য হওয়ায় শাপলা তুলে খাদ্য হিসেবে ব্যবহার করে ও  হাটে বিক্রিও করে এলাকার গরীব শিশুরা। এটা তাদের বাড়তি আয়।

স্থানীয় বাসিন্দা মাসুক মিয়া জানান, গোটা এলাকা জুড়ে এখন লাল শাপলার অপরূপ দৃশ্য। বর্ষার শুরুতে শাপলার জন্ম। হেমন্তের শিশির মাখা সকালে জলাশয়ের ওপর ভাসে রং-বেরংয়ের শাপলা। তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার থেকে দূরত্ব এক কিলোমিটার। সড়কের বাঁ পাশে বিকি বিল। ডানে তাকালে চোখে পড়বে মেঘালয় পাহাড়। বিলে শাপলার ফাঁকে ফাঁকে ছোটো নৌকায় করে ঘুরছেন লোকজন। কোমর সমান জলে নেমে শালুক তুলছে কিশোর-কিশোরী।