সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো দুই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন, বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম মিনহাজ (সিংহ প্রতীক) এবং কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মোটরগাড়ি (কার) মার্কা। মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তা নাজিয়া শিরিনের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন তারা।
সূত্র জানায়, নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থিতার জন্য এক শতাংশ ভোটারের সম্মতির প্রয়োজন হয়। মনোনয়নপত্রে দাখিল করা ওই এক শতাংশ ভোটারের তথ্যগত ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হয় বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম মিনহাজের। অপরদিকে, পদে থাকায় মনোনয়ন বাতিল হয় কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলামের। ওই দুই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে না পাওয়ায় উচ্চ আদালতের শরণাপন্ন হন। উচ্চ আদালত গত সোমবার তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন উচ্চ আদালতে ওই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার কথা স্বীকার করে বলেন, তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আসনটিতে পূর্বে প্রার্থী ছিলেন চারজন। স্বতন্ত্র আরো দুই প্রার্থী বৈধ হওয়ায় প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ছয়জনে।