ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে কলেজ শিক্ষক ছেলের মৃত্যুর খবর শুনে হূদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক লুত্ফর রহমান (৫০) ঘাটাইল উপজেলার ডাকিয়াপটল গ্রামের জসিমউদ্দিনের ছেলে এবং তার মায়ের নাম আমিনা বেগম (৭০)। শিক্ষক লুত্ফর রহমান ভূঞাপুর ফলদা শিহাবউদ্দিন ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
জানা গেছে, শিক্ষক লুত্ফর রহমান রবিবার বিকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে খাবার খাওয়ার সময় হঠাত্ করেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
অপরদিকে ছেলের এই মৃত্যুর খবর শুনে মা আমিনা বেগম গ্রামের বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘাটাইল উপজেলার অনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান জানান, কলেজ শিক্ষক ছেলের হঠাত্ মৃত্যুর খবরে বাড়িতে থাকা মা হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাতেই ডাকিয়াপটল গোরস্থানে মা ও ছেলের দাফন হয়েছে।