বাল্যবিবাহের দায়ে বর ও কনেপক্ষকে জরিমানা

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বর ও কনেপক্ষকে জরিমানা করা হয়েছে। একই গ্রামের আ. রশিদ মোল্লার ছেলে মো. জাহিদুল ইসলাম মোল্লার (১৮) সঙ্গে সোমবার ঐ ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। বরপক্ষ উপস্থিত হওয়ার আগেই ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। দুপুরে ঐ বাড়িতে উপস্থিত হয় বরপক্ষ। এর পরে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। তিনি কনে ও বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। উভয়পক্ষ বাল্যবিবাহ দিবে না বলে মুচলেকা দেয়।