তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
স্পোর্টস রিপোর্টার
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় নারী ‘এ’ দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। হোম কন্ডিশনে টি-২০ ফরম্যাটেও ভারতীয়দের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। গতকাল কক্সবাজারে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ভারত নারী ‘এ’ দল ৩০ রানে পরাজিত করেছে স্বাগতিকদের। এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-২০ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তাই তিন ম্যাচের সিরিজটা ১-০ তে জিতে নিল ভারতীয়রা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে সাত উইকেটে ১১১ রান তুলেছিল ভারত। তেজাল হাসানিস অপরাজিত ২৮, দেবীকা বিদ্যা ১৯, ভাটিয়া ১৮, তনুশ্রী সরকার ১৫, মেঘনা ১১ রান করেন। বাংলাদেশের খাদিজাতুল কোবরা তিনটি, মোমতাহেনা হাসনাত দুটি উইকেট নেন।
বোলাররা ভারতীয়দের কম রানে আটকে রেখে জয়ের ভালো সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু বরাবরের মতোই ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ নারী ‘এ’ দল। ৯ উইকেটে ৮১ রান তুলতে সমর্থ হয় স্বাগতিকরা। রান তাড়া করতে নেমে ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল। সেই ধাক্কা কাটিয়ে উঠলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় রান তাড়া করা সম্ভব হয়নি। শায়লা শারমিন ১২, নুজহাত টুম্পা ১৫, ফাহিমা খাতুন ১৩, সোবহানা মোস্তারি ১২ রান করেন। ভারতের টিপি কানওয়ার আট রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।