নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল মধ্যরাতে ঢাকা এসে পৌঁছায় বাংলাদেশ যুব দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪-১ এ ওয়ানডে সিরিজ হারিয়েছে আকবর আলীর দল। বিরুদ্ধ কন্ডিশনেও দলগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে যুবারা। স্বাগতিকরা কার্যত পাত্তাই পায়নি টাইগার জুনিয়রদের কাছে। বিশ্বকাপের আগে দেশের বাইরে এটিই ছিল যুবাদের শেষ আন্তর্জাতিক সিরিজ। দেশে ফিরেও বিশ্রামের সুযোগ কমই পাবে যুবারা। কারণ চলতি মাসেই দেশের মাটিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে হোম সিরিজে মাঠে নামতে হবে তাদের। এই সিরিজের জন্য এরই মধ্যে অনুশীলন শুরু হয়ে গেছে যুবাদের। বিসিবি একাডেমি মাঠে বিকল্প অনূর্ধ্ব-১৯ দল প্রস্তুতি ম্যাচ খেলছে নিজেদের মাঝে।