স্পোর্টস রিপোর্টার, কলকাতা থেকে
ভারতের ফুটবল কলকাতানির্ভর। কলকাতার মানুষের আছে ফুটবলের প্রতি আবেগ আর ভালোবাসা। এই বাংলায় ক্রিকেটের জনপ্রিয়তা ফুটবলকে বিবর্ণ করলেও খুব বেশি আঁচড় দিতে পারেনি। বাণিজ্যিক ফুটবল ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) পা দিলেও এখনো ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকদের মধ্যে ফুটবল যুদ্ধ বেধে যায়।
মনে আছে? একটা সময় ঢাকার ফুটবলে মোহামেডান-আবাহনীর ম্যাচে দর্শকদের মধ্যে কী উত্তেজনা দেখা যেত। মোহামেডান-আবাহনী ম্যাচ হলেও স্টেডিয়াম এলাকায় পুলিশের নিরাপত্তা, ফায়ার সার্ভিস প্রস্তুত থাকার নির্দেশনা আসত। এখন সেগুলো না থাকলেও কলকাতার ফুটবলে এখনো ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচে উত্তজেনা আছে। কিরণ চন্দ্র বললেন, ‘ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ হয়েছিল গত মাসে। লিগের খেলা ছিল সেটি। সল্ট লেকের মাঠে দর্শক ভরে যায়। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দর্শকরা একজন আরেকজনকে ছাড় দিতে রাজি না। গালাগাল পর্যন্ত গিয়ে গড়ায়, মারামারি হওয়াটা খুব সাধারণ ব্যাপার। এই দুই দলের খেলা হলে দর্শকের মধ্যে মারামারি হবেই।’ আরেক দর্শক স্টেডিয়ামে টিকিট কিনতে গিয়ে বলছিলেন, ‘ভারত-বাংলাদেশের ফুটবল ম্যাচের দিন স্টেডিয়াম ভরে যাবে। আর এই দর্শক নাকি খোদ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দর্শক। মানে দুই চিরশত্রু এবার এক হয়ে যাবে। নব্বই মিনিটের জন্য। কেউ কাউকে গালাগালি না করে সবাই দেশের হয়ে সমর্থন দেবেন।’