বাংলাদেশে এসএমই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারের সঙ্গে একত্রে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংকের সঙ্গে প্রথমবারের মতো এসএমই টুলকিট পাইলট প্রজেক্ট চালু করেছে ইউনাইটেড ন্যাশন্স গ্লোবাল কমপ্যাক্ট (ইউএনজিসি)।
১৪ অক্টোবর ২০১৯ ব্র্যাক ব্যাংকের সঙ্গে অংশিদারিত্বে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (জিসিএনবি), ইউএন গ্লোবাল কমপ্যাক্ট, ইউনিসেফ বাংলাদেশ, আইএলও বাংলাদেশ এবং ডিবিএল গ্রুপ একসঙ্গে বাংলাদেশে প্রথমবারের মতো ‘এসএমই সাসটেইনেবিলিটি ডে’ উদ্যাপন করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার বৃদ্ধি ও প্রসারের জন্য এসএমই ব্যবসা বিকাশের মাধ্যমে টেকসইভাবে ব্যবসা বৃদ্ধি করাই এই কার্যক্রমের লক্ষ্য।
উদ্যোগের অংশ হিসেবে ৬০ জন প্রতিশ্রুতিশীল বাংলাদেশি এসএমই উদ্যোক্তাকে ইউএনজিসি, জিসিএনবিও ব্র্যাক ব্যাংকের তত্ত্বাবধানে এসএমই টুলকিটের ওপর এক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টেকসই ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের সর্বোত্তম চর্চাগুলো দেখার জন্য বেশকয়েকটি ফিল্ড ভিজিটেরও আয়োজন করা হবে। এই সরেজমিন সফর কার্যকর পদ্ধতিগুলো থেকে শিক্ষা নিয়ে এসএমই ব্যবসায়ীদের তাদের নিজ নিজ ব্যবসায় তা প্রয়োগে সহায়তা করবে।
ঢাকার একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসবিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর মো. আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিয়া সেপ্পো, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট কামরান টি রহমান, বাংলাদেশ ব্যাংকের এসএমই এবং স্পেশাল প্রোগ্রামস-এর মহাব্যবস্থাপক লীলা রশিদ, নিউইয়র্কের ইউএন গ্লোবাল কমপ্যাক্ট অফিসের ম্যানেজার ম্যারি-লো, গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস জামান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন।—প্রেস বিজ্ঞপ্তি