বেনাপোলে অর্ধদিবস কর্মবিরতি পালন

বেনাপোল (যশোর) সংবাদদাতা

সিলেটের তামাবিল স্থলবন্দরে ছয় কাস্টমস কর্মকর্তা-কর্মচারীর ওপর বিজিবির হামলার প্রতিবাদে বুধবার বেনাপোল কাস্টম হাউসে অর্ধদিবস কর্মবিরতি পালন করে বেনাপোল কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৬ ডিসেম্বর তামাবিল চেকপোস্ট হয়ে ভারত থেকে কয়েকজন পাসপোর্ট যাত্রী বাংলাদেশে আসার সময় কাস্টমস তল্লাশির আগেই শূন্য রেখায় নিয়ম বহির্ভূতভাবে বিজিবি সদস্যরা যাত্রীদের ব্যাগ তল্লাশি করে। এতে কাস্টমস কর্মকর্তারা আপত্তি জানালে বিজিবি সদস্যরা হামলা চালিয়ে ছয়জন কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীকে আহত করেন। তিনি বলেন, এ ঘটনার পর অভিযুক্ত বিজিবি সদস্যদের সুষ্ঠু বিচারের দাবি করা হয়।  কিন্তু এ পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কোনো সন্তোষজনক সাড়া না পাওয়ায় অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।