হিলফুল ফুযুলের চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে মামলা

১৪৯ কোটি টাকা আত্মসাত্

ইত্তেফাক রিপোর্ট

সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এর ১৪৯ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। মামলায় হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ছাড়া অপর দুই আসামি হলেন: একই সংস্থার কথিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহম্মদ তালুকদার এবং কথিত প্রধান নির্বাহী  নুরুল হক বিশ্বাস।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ২০০৬ সালের আগস্ট মাসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত্হীন ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে সোলার প্যানেল স্থাপনপূর্বক বিদ্যুত্ বিতরণের জন্য ইডকলের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ইডকল হিলফুল ফুযুল সমাজ কল্যাণ সংস্থাকে ১ লাখ ৩৬ হাজার ১৫৬টি সোলার হোম সিস্টেমের বিপরীতে মোট ১৩৩ কোটি ৬৩ লাখ টাকা মেয়াদি ঋণ এবং ১৬ কোটি ৪ লাখ টাকা অনুদান প্রদান করে। চুক্তির শর্তানুযায়ী, ত্রৈমাসিক কিস্তির ভিত্তিতে হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থা কর্তৃক ঋণ পরিশোধ করার কথা। কিন্তু সংস্থাটি সর্বশেষ ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঋণ পরিশোধ করলেও এরপর থেকে ঋণ পরিশোধ বন্ধ রেখেছে। রেকর্ডে দেখা যায়, হিলফুল ফুযুল সমাজ কল্যাণ সংস্থা ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত আসল ২৫ কোটি ৮ লাখ  টাকা ইডকলকে পরিশোধ করে। বাকি টাকা পরিশোধ না করায় সুদে-আসলে হিলফুল ফুযুল সমাজ কল্যাণ সংস্থার কাছে ইডকলের পাওনা বাবদ ঋণ স্থিতি দাঁড়ায় ১৪৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে আসল ১০৭ কোটি ৮২ লাখ টাকা, বকেয়া সুদ ১৬ কোটি ৪৬ লাখ টাকা এবং বিলম্ব মাশুল ২৪ কোটি ৮১ লাখ টাকা।