রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হাওরের বিভিন্ন গ্রামে একসময় স্থানীয় সমস্যা স্থানীয়রা দরবার করে মীমাংসা করে ফেলতেন। মামলা-মোকদ্দমা কম ছিল। এখন দরবারিরা একটা পক্ষ নিয়ে নেন। গ্রামের দরবার উপজেলা সদরে নিয়ে আসা হয়। এটা মোটেও ঠিক নয়। গ্রামের সমস্যা গ্রামেই মীমাংসা করতে হবে। গতকাল সোমবার বিকালে রাষ্ট্রপতি অষ্টগ্রাম উপজেলা সদরে স্থানীয় খেলার মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি বলেন, গ্রামে কোনো সমস্যা হলে ভিকটিমরা থানায় মামলা করতে আসেন। মামলা হলেই অনেকে তদবির করতে থানায় আসেন। এসব তদবির বন্ধ করতে হবে। তিনি বলেন, আমি কলেজের জিএস হয়েছি, ভিপি হয়েছি, সংসদে এমপি হয়েছি, ডেপুটি স্পিকার হয়েছি, বিরোধীদলীয় উপনেতা হয়েছি, স্পিকার হয়েছি, দুইবার রাষ্ট্রপতি হয়েছি। কিন্তু জনগণের সঙ্গে আমার কখনো দূরত্ব তৈরি হয়নি। নির্বাচনে অনেকে বিপক্ষেও থাকতে পারে। কিন্তু ইউনিয়নের মেম্বার হোন, চেয়ারম্যান হোন, উপজেলা চেয়ারম্যান হোন, আর এমপি হোন, পাশ করার পর আপনারা সবারই প্রতিনিধি। সব মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে। নির্বাচনের আগে ও পরে আচরণের যেন পরিবর্তন না হয়, জেতার পর কারোর ভেতর ‘মুই কি হনুরে’ ভাব আসাটা কোনোমতেই কাম্য নয়।
এক সময়ের অবহেলিত হাওর এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, আমি হাওরের তিন উপজেলায় শতাধিক প্রাইমারি ও হাইস্কুল করেছি। কিন্তু তারপরেও শিক্ষার মান নিয়ে আমি সন্তুষ্ট নই। হাওরের ছেলেমেয়েরা বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষায় প্রতিযোগিতায় টিকতে পারছে না। তাই শিক্ষকদের পাঠদানে আরো আন্তরিক হতে হবে। রাষ্ট্রপতি আরো বলেন, এখন হাওরেও হেরোইন, ইয়াবা ঢুকে গেছে। মুরব্বিদের এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের ধরে আইনের হাতে তুলে দিতে হবে।
রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আফজাল হোসেন এমপি, নূর মোহাম্মদ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম, স্থানীয় সরকারি রোটারী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান প্রমুখ। রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ছাড়াও বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। আজ মঙ্গলবার সকালে অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে দুপুরে সপ্তাহব্যাপী কিশোরগঞ্জ সফর শেষে ঢাকায় ফিরবেন তিনি।