কুষ্টিয়া প্রতিনিধি
মঙ্গলবার রাতে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী কার্যালয় থেকে শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৭ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, বিএনপি প্রার্থীর কার্যালয়ের সামনের সড়ক দিয়ে নৌকা প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় মিছিলকারীদের উপর বিএনপি কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে।
অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি নেতা-কর্মীদের আটক করা হয়েছে। তবে যাচাইয়ে অভিযোগ পাওয়া না গেলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, সম্পূর্ণ বিনা উসকানিতে নৌকার প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করে হুমকি ও কয়েকজন কর্মীকে মারধর করে। এ ঘটনার পর পরই পুলিশ কার্যালয় থেকে শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় ২৭ জন নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।