ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মঙ্গলবার রাতে ভারতে প্রবেশের দায়ে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। আটক বাংলাদেশি হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের কাসেম আলীর ছেলে আলমগীর।
বালাহাট ক্যাম্পের বিজিবি জানায়, ভারতে আটক আলমগীর একজন মাদক ব্যবসায়ী। সে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার খালিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৫ এর ৫ এসের পাশ দিয়ে ভারতীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে মাদক আনতে যায়। খবর পেয়ে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার অধীন ৩৮ বসকোঠাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই বাড়ি তল্লাশি করে তিন ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি মাদক ব্যবসায়ীকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিল জব্দ করে বিএসএফ।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ আলী বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে।