সোনারগাঁওয়ে ক্রিকেট খেলা ও পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর প্রতিপক্ষের হামলায় আহত যুবক দ্বীন ইসলাম গত রবিবার রাতে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এ খবরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ লোকজন দ্বীন ইসলামের ওপর হামলাকারী কয়েকজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। নিহত দ্বীন ইসলাম নয়াগাঁও গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে। নয়াগাঁও গ্রামে গত ৪ অক্টোবর প্রতিপক্ষরা দ্বীন ইসলামকে পিটিয়ে জখম করার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, নিহত যুবকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে।