প্রধান আসামিকে বাদ দিয়ে চার্জশিট, নতুন তদন্ত দাবি

হত্যাচেষ্টার একটি মামলায় প্রধান আসামিকে বাদ দিয়ে চার্জশিট দিয়েছে পুলিশ। এখন উলটো বাদীকেই হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। মামলাটির নতুন করে তদন্ত দাবি করেছেন হামলার শিকার আবুল হোসেন। গতকাল সোমবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি করেন। আবুল হোসেনের স্ত্রী আসমা আক্তার বলেন, ‘প্রধান আসামি সাইদুর রহমান শহীদকে চার্জশিট থেকে বাদ দিয়েছে পুলিশ। এখন আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছি। সন্ত্রাসীরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।’ এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চায় ভুক্তভোগী পরিবারটি।

যুব মহিলা লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আসমা আক্তার বলেন, গত ১৬ মে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় সতীশ সরকার লেনে ফল কেনার জন্য দাঁড়িয়ে ছিলেন তার স্বামী আবুল হোসেন। এ সময় সাইদুর রহমান শহীদ (৬০), ফারুক (৫০), রমজান (৫০), আরমান (৪০), রনিসহ (৪২) অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পর দীর্ঘদিন তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ প্রধান আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেয়। এখন তাদের হুমকির পরিপ্রেক্ষিতে আবুল হোসেন শ্যামপুর থানায় জিডি করেছেন।

আসমা আক্তার বলেন, প্রধান আসামি শহীদ আলোচিত অ্যাডভোকেট হাবিব মণ্ডলসহ দুই ডজনেরও বেশি হত্যা মামলার আসামি। গত বছর শহীদ বিপুল পরিমাণ অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয়ে কিছুদিন জেল খেটে জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। যুবদলের সাবেক নেতা শহীদ এখন এলাকার ত্রাস।