বাকেরগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সিনেমাহল চৌমাথা এলাকার নিজ চেম্বার থেকে তাকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। আটক রফিকুল বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম জানান, ‘রফিকুল নিজেকে বড় মাপের এমবিবিএস ডাক্তার হিসাবে পরিচয় দিয়ে চেম্বার বসিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যদের সঙ্গে নিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর ডাক্তার হিসাবে সনদপত্র এবং কোন রেজিস্ট্রেশন দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে দুইদিন ধরে ছাত্র বিক্ষোভ

তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট ২০১০ এর ২৮ ও ২৯ ধারায় ১ বছরের  জেল ও দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম/নূহু