ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং ইংলিশ প্রিমিয়ার লিগের মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন। নভেম্বর মাস জুড়ে সিটির হয়ে চোখ ধাঁধানো নৈপুণ্যই এই সাফল্যের কারণ। অতিক্রান্ত মাসটিতে তিন ম্যাচে তিন গোল করার পাশাপাশি আরো তিনটিতে জোগান দেন ২৪ বছরের এই ইংলিশ মিডফিল্ডার । এ সময়ে সিটিও কেবল তিনটি লিগ ম্যাচই খেলে। এর মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে সাউথ্যাম্পটনকে ৬-১ ব্যবধানে হারানো খেলাটিতে স্টার্লিংয়ের পারফরম্যান্স ছিল বিশেষ করে নজরকাড়া। খেলাটিতে সার্জিও আগুয়েরোর দ্বিতীয় গোলে অবদান রাখার পর নিজে জোড়া গোল করেন স্টার্লিং। এরপর লেরয় সানের করা দলের ষষ্ঠ গোলটিতেও ভূমিকা রাখেন তিনি।